ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

একই রোল নিয়ে পরের ক্লাসে প্রাথমিক শিক্ষার্থীরা

ads

করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কীভাবে পরের ক্লাসে উত্তীর্ণ করা হবে তা নিয়ে বিস্তর ভাবনা চিন্তার পরে এসেছে সিদ্ধান্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে এবার পরীক্ষা ছাড়াই প্রাথমিকের শিক্ষার্থীদের পরের ক্লাসে তোলা হবে।


সেক্ষেত্রে যার যা রোল আছে তা নিয়েই পরের শ্রেণিতে উঠবে তারা। তবে চলতি বছরের প্রথম আড়াই মাসের ক্লাস এবং কোভিড-১৯ এর সময় যেসব শিক্ষা কার্যাক্রম চালানো হয়েছে, সেগুলোর ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান।


তিনি বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হয়েছে। সেই সময় তাদের ক্লাস টেস্ট নেওয়া হয়েছে, শিক্ষকরা পড়িয়েছেন, এখন সেসব মূল্যায়নে আনা হবে। এছাড়া ছুটির মধ্যে সংসদ টেলিভিশন, বেতার, কমিউনিটি রেডিও এবং জুম প্ল্যাটফর্মে যেসব শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে, সেগুলোও মূল্যায়ন করা হবে।


এর বাইরে শিক্ষকরা মোবাইলে বা বাড়ি বাড়ি গিয়ে অনেক শিক্ষার্থীকে পড়িয়েছেন। পড়া আদায় করেছেন। সেসবের ভিত্তিতে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন। এসব বিষয় মূল্যায়ন করা হলেও তা পরের শ্রেণিতে ওঠার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে জানান মহাপরিচালক।


তিনি বলেন, এবার আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হচ্ছে এটা মাথায় রেখেই মূল্যায়ন করা হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের আগের (এবারের) রোল নম্বরই ফলো করবেন, সবাই পরের ক্লাসে প্রমোশন পাবে।


উল্লেখ্য, মহামারী পরিস্থিতির ততটা উন্নতি না হওয়ায় এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং স্কুলের বার্ষিক পরীক্ষা নিচ্ছে না সরকার। উচ্চ মাধ্যমিকেও এবার চূড়ান্ত কেন্দ্রীয় পরীক্ষা নেওয়া যায়নি। এইচএসসি ও সমমানের ফল ঘোষণা করা হবে শিক্ষার্থীদের অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে। তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সংক্ষিপ্ত সিলেবাসে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকের শিক্ষার্থীদের বয়স বিবেচনা করে মাধ্যমিকের মত অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, দেশে করোনার প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page